মা-বাবার দায়িত্ব সন্তানদের ভালোবাসা এবং বয়স উপযোগী দিকনির্দেশনা দেয়া-তা করতে পারলে শিশুদের বিকাশ যথাযথভাবে হয়।
বিভিন্ন বয়সী শিশুর চিন্তা-ভাবনা ও অনুভূতি আলাদা। মা-বাবাকে শিশু বিকাশের নানা পর্যায় নিয়ে জানতে হবে। বুঝতে হবে সন্তানের এবং নিজের মেজাজ-মর্জি। সন্তানদের সাথে নানা বিষয়ে কথা বলে তাদের পছন্দ-অপছন্দ, চাহিদা বোঝা প্রয়োজন। তাহলে মা-বাবা তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন।
পজিটিভ ডিসিপ্লিন ইন এভরিডে প্যারনেটিং প্রশিক্ষণে মা-বাবাদের উপরের বিষয়গুলি শেখানো হয়। কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার সাথে পার্টনারশিপে সেভ দ্য চিল্ড্রেন বিশ্বের বিভিন্ন দেশে এই প্রশিক্ষণের আয়োজন করত। বাংলাদেশে কাজ করার সময় (২০১৪-২০১৮) আমার টিমের সদস্যরাও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মা-বাবা ও অভিভাবকদের পজিটিভ ডিসিপ্লিন নিয়ে প্রশিক্ষণ দিয়েছে্ন। প্রশিক্ষণের ফলে মা-বাবা ইতিবাচকভাবে সন্তানদের বড় করার কৌশল নিয়ে শিখেছেন। এই প্রশিক্ষণের ফলাফল বিশ্লেষণ করে লেখা একটা পেপার উপস্থাপন করেছিলাম International Society for Prevention of Child Abuse and Neglect (ISPCAN) আয়োজিত বৈশ্বিক কংগ্রেসে-যা অনুষ্ঠিত হয়েছিল কানাডার ক্যালগারিতে, ২০১৬ সনে।
জাপান, কসভো এবং কানাডাতে পজিটিভ ডিসিপ্লিন প্রশিক্ষণের ফলাফল নিয়েও পেপার উপস্থাপিত হয়েছিল।







